দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের কেশবপুর উপজেলার বিরুলী গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন কার্যক্রম শুরু করেছে সরকার। এর মাধ্যমে ভবদহ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছে সরকার।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিরুলী খালের ৩ কিলোমিটার অংশ পুনঃখনন কাজের উদ্বোধন কালে বিরুলী পাইলট স্কুল মাঠে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, ভবদহ এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থাকে কার্যকর করতে ২১ ভেন্টের রেগুলেটর খুলে দেওয়া হবে এবং ১৮টি পয়েন্টে পানি নিষ্কাশনের জন্য মেরামত কাজ শুরু হয়েছে। এতে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং জলাবদ্ধতা দ্রুত কমবে।
তিনি আরও জানান, নদী ব্যবস্থাপনায় উন্নতির জন্য মাল্টিপারপাস ড্রেজার ক্রয়ের প্রক্রিয়া চলছে। পাশাপাশি কেশবপুরে একটি সাব-স্টেশন এবং ৩৫ কিউসেক ক্ষমতাসম্পন্ন তিনটি পাম্প স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
খাল পুনঃখনন প্রকল্পের আওতায় ভবদহ অঞ্চলের প্রায় ৬৮ কিলোমিটার খাল পুনঃখননের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে কিছু অংশে কাজ শুরু হয়েছে এবং বাকিগুলো দরপত্র প্রক্রিয়ায় রয়েছে।
দীর্ঘদিন ধরে পলিতে ভরাট হয়ে থাকা বিরুলী খালের কারণে বৃষ্টি হলেই হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকত। এতে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাপন, এমনকি দাফন-কাফন কাজেও চরম ভোগান্তি পোহাতে হতো।
প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী বর্ষা মৌসুমের আগেই অন্তত ৫০ শতাংশ জলাবদ্ধতা দূর করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত খনন কাজ শেষ হলে এ অঞ্চলের কৃষি ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।
জে আই